গল্পঃ পেটে খেলে পিঠে সয়
#ছোটগল্পঃ
^^^^^^^^
" দেখো কি হয়! "
পেটে খেলে পিঠে সয়! "
প্রদীপ দে ~
বাইরে ভিতরে আগুনের ঝলসানো তাপ জামা প্যান্টুলুন ভিজিয়ে দিচ্ছে। টিনের চালা,কিন্তু পাকা আট বাই আট ঘর, তিনটে বেঞ্চ,আর এক চারপায়া ফেলে দেওয়া টেবিল, কুড়িয়ে আনা,যার একটি পা আবার নড়বড়ে। সাবধানে কাজ সারতে হয়, চাপ পড়লে ক্যাচ -ক্যাচ শব্দে নুইয়ে পড়ে। আমি কায়দাটা জানি, রপ্ত করেছি বহুদিনের অভ্যাসে। এরই পিছনে লাগোয়া আর একটা এরকমই ঘর, সেখানে আমার নিঃসঙ্গ জীবনের শয়ন -তক্তা পাতা, যার পাশে পেটের দায়ে সামান্য ফুঁটিয়ে নেওয়ার কিছু সাজ -সরঞ্জাম। সামনে মাটি কাদা ঘাসে উঠোন আর পিছনে আমার " ইয়ে" মানে পরিস্কার হওয়ার পুরো টিনে ঢাকা চার বাই চার ঘর। এই আমার বাড়ি।
সামনের ঘরে আমি লেকচার দিই। না , না, আমি প্রফেসর নই আমি লোককে জনান দিই যাকে বলে উপদেশ দান। অনেকেই আসে, কারণ অবশ্যই আছে, কথায় আছে না -"পেটে দিলে পিঠে সয়!"
আজ সন্ধায় সবাই আসবে।সভা ডেকেছি। আমি আগে কিছু বলবো, তারপর আমার কথার রেশ ধরে অন্যরাও কিছু বলবে। ভাঙ্গা টেবিলে আর তিনটি বেঞ্চে জনা বিশেক লোক হয়ে যাবে নিশ্চয়ই।
" ধৈর্য্যের ফল" - এই বিষয়ে পড়াশুনা করে তৈরী করেছিলাম নিজেকে। উগড়ে দিলাম সন্ধ্যাবেলায়, মাঝে পরিবেশিত হলো পাড়ার দোকেনের ভাজা গরমাগরম সিঙগারা আর লিকার চা। আমরা ধৈর্য্য ধরে রাখতে পারিনা। তাতে ফল হয় মারাত্মক, হাতেনাতে ফল পেয়ে যাই। পরে আফসোস করি - হায় হায়! ধৈর্য্য রাখতেই হবে, উপমা,উদাহরণের বন্যা বইয়ে দিলাম। আবার একবার লিকার, বোর্ডের তৈরী করা ছোট্ট কাপে। খেল খতম! মার দিয়া কেল্লা!
সবাই আমার প্রশংসায় পঞ্চমুখ! প্রত্যেকেই ভাষণ দিয়ে কৃতার্থ করলো,আমার ছোট্ট ঘরে উঠোনে শব্দসমূহ বাক্য হয়ে খেলা করতে লাগলো, পাশের প্রতিবেশীদের কর্ণকুহরে প্রবেশ করে আনন্দবর্ধন পূর্বক আমাকে রোমাঞ্চিত ও পুলকিত করে তুললো।
পাড়ার বৃদ্ধ মাষ্টার মশাই শুধু কোনও উত্তর দেননি, উনি খুব কম কথা বলেন, আজীবন শুধুই শোনেন।
কি করে স্কুলে মাষ্টার গিরি করে ছিলেন - ভগবানই জানেন!
ওনাকে বারবার কিছু বলতে অনুরোধ করা হলে , উনি যাবার সময় শান্ত গলায় জানালেন -
" দেখো কি হয়, পেটে খেলে পিঠে সয়!"
--------------------
#অমাদীপ_প্রদীপদে®™…
Labels: সাহিত্যপত্র


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home